সময়রেখার পথ ধরে ছায়ামানবেরা
সাহিত্য অকাদেমী পুরস্কারপ্রাপ্ত ইংরাজী উপন্যাস ‘ The Shadow Lines ’ ওরফে ‘ছায়ারেখা’ অমিতাভ ঘোষের দ্বিতীয় উপন্যাসও বটে। এটি আনন্দ পুরস্কারও পেয়েছিল। বোদ্ধাজনেরা আমায় মাফ করবেন, আমি যখন উপন্যাসটির পঁচিশ শতাংশ পড়ে ফেলেছি, তখন মনে হচ্ছিল, উপন্যাসটা লেখার উদ্দেশ্য কি, আর আমি কেনই বা পড়ছি! পঞ্চাশ শতাংশ পড়ার পর, আমার মনে হল, গল্পের প্লটটা তো পরিস্কার হয়েছে বটে, কিন্তু এই ড্রয়িং ড্রামা’র জন্যে সাহিত্য অকাদেমী পাওয়ার কারণ কি? তৃতীয় পর্যায়ে এসে মনে হল, এ বই এই পর্যায়ে ছেড়ে দেওয়াটা অনুচিৎ, এবং, শেষ পর্যায়ে এসে যখন পৌছেছি, তখন, এক সময়ে আমার দম আটকে আসছিল ঘটনা পরম্পরায়। শেষ পর্যায়ে এসে, যে বিষয়বস্তুকে কেন্দ্র করে উপন্যাসের জালটির শেষ বুনোট দিলেন, সেই বিষয়বস্তুটি ঝটকা দেওয়ার মতো, কারণ, ওই সময়টাকে নিয়ে, আমার, এযাবৎ কোন প্রবন্ধ, কবিতা বা উপন্যাস বা গল্প চোখে পড়ে নি। শেষে আসার আগে আগের কথা বলে নিই। উপন্যাসটি তিন প্রজন্মের। ঠাকুমা-কাকা-নাতি, ঠাম্মা-ত্রিদিব-বক্তা। এর সাথে যুক্ত হয়েছে ঠাম্মার বোন মায়াদেবীর পরিবার, যিনি প্রবাসী, এবং যখন তারা ইংলন্ডে থাকতেন, সেই সময়ে যে বাড়ীতে থাকতেন সেই প্রাইস ফ্যামিলি...