Thinking Fast and Slow

 



বেশ কয়েকটা বছর বাংলা-পড়ুয়া গ্রুপগুলোতে কাটানোর পর আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি, নন-ফিকশন বই আমরা বাস্তবিকই খুব কম পড়ি। আর সেই বই যদি হয় পপুলার সায়েন্সের ওপর, তাহলে তো কথাই নেই। আমরা ছুঁয়ে দেখার কথাও ভাবতে পারি না।

কত রকমের নন-ফিকশন বই বের হচ্ছে! কত অদ্ভুত তার বিষয়। কয়েকটি জনপ্রিয় বইয়ের রিলস কিংবা short video-তে দেখি একটা বইকে বর্তমান সময়ে কী সাংঘাতিক গুরুত্বই না দেওয়া হচ্ছে। অতঃপর বইটা কিনলাম।

Thinking Fast and Slow. লিখেছেন Daniel Kahneman. Kahneman সাহেব নোবেল পেয়েছেন। আর তাঁর এই বইয়ের বিষয়বস্তু কি অদ্ভুত!
তাঁর মতে, আমাদের চিন্তাভাবনা দুইটি সিস্টেমে বিভক্ত—

 

System 1 Fast Thinking

স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক, দ্রুত, আবেগনির্ভর চিন্তা। এটাই আমাদের ‘intuition’ বা ‘gut feeling’-এর জায়গা।

সুবিধা: দ্রুত কাজ করতে সাহায্য করে।
অসুবিধা: ভুল সিদ্ধান্ত বা bias তৈরি করে।

 

System 2 Slow Thinking

সচেতন, যৌক্তিক, ধীর ও বিশ্লেষণধর্মী চিন্তা। এই চিন্তা আমাদের অনেকটা সময় নিয়ে করতে হয়। (অঙ্কের কথাই ভাবুন না, বাজারের মাসকাবারির টাকা আমরা কত সময় নিয়েই না হিসেব করি!)

সুবিধা: যুক্তি ও বিশ্লেষণনির্ভর।
অসুবিধা: সময়সাপেক্ষ ও মানসিকভাবে ক্লান্তিকর।

 

Kahneman সাহেব বলছেন (মানে আমি যতদূর পড়লাম আর কি), আমরা সাধারণত System 1 দিয়েই আমাদের অধিকাংশ কাজ চালাই। তাহলে তার মানেটা কী দাঁড়াল? আমরা নিজেদেরকে যতটা যুক্তিপূর্ণ ভাবি, বাস্তবে ততটা নই; আমাদের চিন্তা নির্ভর করে দ্রুত-অচেতন ও ধীর-সচেতন প্রক্রিয়ার সংঘাতে।

ঘটনাটা এইটুকুই নয়, আরও অনেক আছে। আর যত ভেতরে ঢুকছি, সত্যি বলছি, ক্লান্তি আমায় গ্রাস করছে। মনে হচ্ছে বইটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেই টানটা ক্লান্তিকর। অথচ এ বই যথেষ্ট ইন্টারেস্টিং, কিন্তু একে আয়ত্ত করতে গেলে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। অভ্যাস কি একেবারেই নষ্ট হয়ে গেছে, না আমার প্রথাগত পড়াশোনা এবং বিষয়বস্তুর বাইরে বলে? ইংরেজি এই বইটি বাংলা অনুবাদ ওপার বাংলায় করলেও করতে পারে, এপার বাংলায় হলে আশ্চর্যই হব। যদিও এই বই আমি যতটুকু পড়লাম, বলতে পারি, প্রথাগত চিন্তাভাবনার ভিতটাই সরে যাচ্ছে। নড়ে যাচ্ছে। আমরা নিজেদের যতই উদারপন্থী বলি না কেন, ‘বায়াসনেস’ আমাদের দোসর। রামকৃষ্ণদেবের ভাষায় অশ্বত্থ গাছের ফেকড়ির মতো। অথচ আমরা নিজেদের প্রোগ্রেসিভ ভাবি। বিশেষ করে বাঙালি কলেজ লাইফ থেকেই ভাবতে শুরু করে দেয়।

আবারও বলি, আমার ধারণা, এ বই দ্রুত পড়ার মতো একদমই নয়—এ বই Path-Breaking বই। দিন-মাস-বছর—সময় নিয়ে পড়াই ভাল।

========

Thinking Fast and Slow
Author — Daniel Kahneman
Penguin Publication
Price — 799/-

 

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে