দেয়ালে একটি জানলা
১ এতদিন চুপ করেছিলাম, বইমেলার কারণে। বইমেলার বই, আনন্দ, টুকরো টুকরো তথ্যের ভিড়ে বইয়ের লিস্ট তৈরি করে নেওয়া, দেখে নেওয়া। এর মাঝে নতুন করে কোনো বই পড়তে ইচ্ছেও করে না। চুপ করে বসে থেকে কেবল ফেসবুকের টাইমলাইন উল্টে-পাল্টে দেখে নিতে নিতে অলস সময় যাপন। সম্প্রতি আরেকটি বই জোগাড় করার পরে আবার ফিরে এলাম। লেখকের নাম বিনোদকুমার শুক্ল। এই লেখক-কবি আমাকে টেনে এনেছেন হিন্দি সাহিত্যের অন্দরে, হিন্দি ভাষার যাদুতে। তাঁর একটা কবিতার বইয়ের কথা আগেই লিখেছি। আজ লিখব একটা উপন্যাসের ব্যাপারে, যেটা পড়তে শুরু করেছি। এটা রিভিউ নয়। এটা একটা আদান-প্রদান, আপনাদের সঙ্গে। বিনোদকুমার শুক্লের এই বইটার নাম — দেয়ালে একটি জানালা। ‘দিওয়ার মে এক খিড়কি রহতি থি’-এর বঙ্গানুবাদ হয়েছে ২০০৮ সালে। এখনও প্রথম সংস্করণ শেষ হয়নি। কেউ জানত কি এর অনুবাদ করা হয়েছে সাহিত্য আকাদেমি থেকে? এই বইমেলায় এই বইটা নাকি এমন বিক্রি হচ্ছে যে, গোডাউন থেকে বইমেলার মাঝেই বইয়ের এক্সট্রা কপি এনে রাখতে হচ্ছে! “মিতায়তন এই উপন্যাসের কেন্দ্র জুড়ে আছে রঘুবর প্রসাদ আর তাঁর নবপরিণীতা সোনসি। একটি কলেজের অঙ্কের শিক্ষক সব্যসাচী রঘুবর। থাকে এ...